আলু ভর্তা খায় না এমন মানুষ নেই বললেই চলে। আবার করলা ভাজিও কম বেশি খায় সবাই। আর শুটকি ভর্তা পেলে খাবার প্লেটে এক চামচ ভাত বেশি নেন না এমন লোক খুব কমই আছেন। কিন্তু আলু, করলা ও শুটকি – এই তিনটির একসাথে ভর্তা খাওয়া হয়েছে কী কখনো? আজ শিখিয়ে দিচ্ছি ‘আলু-করলা-শুটকি ভর্তা’ কীভাবে বানাতে হয়।
আলু সেদ্ধ লাগবে ৪-৫টি। বড় একটা করলা সেদ্ধ করে নিলেই হবে। সাথে চিংড়ি শুটকি ৬-৭টি। আপনি চাইলে কমবেশিও করে নিতে পারেন। শুকনো মরিচ ৪-৫টি। অবশ্যই ভেজে নিতে হবে। তবে ঝাল কম-বেশ করতে চাইলে মরিচ বাড়িয়ে কমিয়ে দিন। দুই চা চামচ পেঁয়াজ কুচি এবং দু’টি কাঁচা মরিচ কুচি। সরিষার তেল ও লবন আপনার পরিমাণ মতো।
প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে আলু গেলে নিন। এরপর সেদ্ধ করলার বিচি ফেলে দিয়ে সেটাও ভালোমতো গেলে নিন। চিংড়ি শুটকিগুলো গরম তাওয়ায় টেলে নিয়ে পিষে গুঁড়ো করুন বা বেটে নিতে পারেন।
এবার চিংড়ি বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবন ও তেল একসাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিন। সব মাখানো শেষ হলে আলু ও করলা ঢেলে দিয়ে আবার ভালো মতো মাখুন।
সবকিছু পুরোপুরি মেশানো শেষ হলে ছোট গোল গোল করে ভর্তা পরিবেশন করুন।

No comments:
Post a Comment