প্রন খেতে কে না ভালোবাসে। রেস্টুরেন্টে যেতে ঝামেলা মনে হলে বাসায় বসেই রান্না করুন থাই প্রন স্যুপ। পরিবারের সবাই ঠান্ডা আর আপনিও হিট!
থাই প্রন স্যুপ রান্নায় প্রথমেই লাগবে মাঝারি সাইজের কমপক্ষে ১৫ থেকে ২০টি চিংড়ি মাছ। ৪-৫ কাপ চিকেন স্টক লাগবে। পরিমাণ মতো পেঁয়াজ কলি ১ ইঞ্চি সাইজে কেটে নিয়ে নিন। সাথে ৪ টেবিল চামচ ফিস সস। পাতলা পাতলা করে কাটা আদার মূল লাগবে পরিমাণ মতো। মাশরুম লাগবে ১-২ কাপ। ৭-৮টা গন্ধরাজ লেবুর পাতা কুচি কুচি করে কেটে নিন। সাথে লেবুর রস ৪ টেবিল চামচ। ৫-৬টা থাই চিলি পেপার গুঁড়ো করে নিন। এবং চিলি রোস্টেট অয়েল ২ টেবিল চামচ ও অল্প কিছু ছোট পেঁয়াজ।
প্রথমেই চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। অবশ্যই চিংড়ি মাছের লেজ ফেলে দিতে হবে। নয়তো খেতে ভালো লাগবে না। চুলায় চিকেন স্টক দিয়ে ফুটতে দিন। চিকেন স্টক গরম হয়ে ফুটতে শুরু করলে পেঁয়াজকলি, আদার মূল ও গন্ধরাজ লেবুর পাতা ঢেলে দিন।
কিছুক্ষণ পর সুন্দর ঘ্রাণ বেরোলে মাশরুম, ফিস সস ও লেবুর রস মিশিয়ে দিন। আবার ফোটাতে থাকুন। ভালোমতো ফুটে উঠলে চিংড়ি মাছ ও চিলি পেপার ঢালুন। জ্বাল দিতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন চিংড়ি মাছ গোলাপি রঙ ধারণ করেছে। তখনই বুঝবেন স্যুপ তৈরি। এবার নামিয়ে ছোট পেঁয়াজগুলো পিষে গার্নিশ করে স্যুপে দিয়ে দিন। ব্যস থাই প্রন স্যুপ তৈরি।
No comments:
Post a Comment