Friday, August 5, 2016

বানান ডালের রুটি

ডালের রুটি খাওয়ার অভিজ্ঞতা ক’জনেরই বা আছে। চাইলেই ঘরে বসে ডালের রুটি বানিয়ে পরিবারের সবাইকে পরিবেশন করতে পারেন। সবাই মিলে আনন্দ করার পাশাপাশি নতুন কিছু খাওয়াও হবে। ডালের রুটি বানাতে হলে ডাল ও ময়দা আলাদা আলাদাভাবে প্রথমে তৈরি করে নিতে হবে। সাধারণত বিকেলের নাশতায় চারজন খাওয়ার জন্য এক কাপ ডাল নিতে পারেন। সাথে আধাকাপ পেঁয়াজ কুচি। লবন ও জিরার গুঁড়া এক চা চামচ। হলুদ আধা চা চামচ দিলেই হবে। এছাড়া কাঁচা মরিচ ২-৩টি এবং ধনে পাতা কুচি আধা কাপ নিতে হবে। প্রথমেই ধনে পাতা বাদে বাকি সব কিছু দুই কাপ পানিতে দিয়ে সেদ্ধ করে নিন। যখন পানি শুকিয়ে যাবে তখন দুই চা চামচ অথবা পরিমাণ মতো তেল দিন। এবার ধনে পাতা কুচিও দিয়ে দিন। ভালো মতো নাড়তে থাকুন যেনো পাতিলের সাথে লেগে না যায়। সব জমে গিয়ে একটু শক্ত হয়ে সারলে চুলা থেকে পাতিল নামিয়ে ফেলুন। আলাদা একটি বাটিতে নিয়ে নিন। এবার রুটি বানাতে দুই কাপ ময়দা নিন। এক চিমটি লবনসমেত হালকা গরম পানি তৈরি করুন। পরিমাণ মতো গরম পানি দিয়ে ময়দা ভালো মতো মাখিয়ে নিন। সবকিছু তৈরি হয়ে গেলে সেদ্ধ ময়দা বিশ মিনিট ঢেকে রাখুন। ডালের রুটি বানাতে প্রথমে ছোট ছোট রুটি বানাতে হবে। তারপর দুই রুটির মাঝখানে বেশি করে ডাল দিয়ে রুটির চারপাশ বন্ধ করুন। এবার গরম তাওয়ায় মাঝারি আঁচে ভেজে নিন। একটু পোড়া পোড়াভাব এলে চুলা থেকে উঠিয়ে নিন। তারপর তৈরি ধনে পাতার চাটনিসহ পরিবেশন করুন।

No comments:

Post a Comment