Friday, August 5, 2016

আজকের দিনে ইলিশের খিচুড়ি

বলা নেই, কওয়া নেই, হঠাৎ বৃষ্টি এসে ছাপিয়ে দিচ্ছে সব। জানালা দিয়ে বৃষ্টির ছাঁট এসে হয়তো মনটাই খারাপ করে দিচ্ছে কারও কারও। এমন দিনে আসলে নস্টালজিক হতে কার না মন চায়। হঠাৎ হঠাৎ এমন বৃষ্টির দিনে নিজেকে ব্যস্ত রাখতে পারেন রান্নাবান্নায়। চলুন আজ দেখে নেই কীভাবে ইলিশ খিচুড়ি রান্না করবেন। এই খিচুড়ি রান্না করতে লাগবে ৫০০ গ্রাম মোটা ভাতের চাল। এর সাথে মসুরের ডাল, মুগ ডাল, বুটের ডাল মিলিয়ে আরও ৫০০ গ্রাম। ১ কাপ টুকরো করা পেঁয়াজ, রসুনের টুকরো ও মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা টুকরা ও হলুদ গুঁড়া ১ চা চামচ। সাথে আপনার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এবং লবণ ও সরিষার তেল আপনার প্রয়োজন মতো। এবং সবশেষে ২টি তেজপাতা। খিচুড়ির সাথে মাছ রান্না করতে লাগবে পরিবারের সদস্য অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক ইলিশ মাছের টুকরা। হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া ১ চা চামচ এবং আধা কাপ বাটা পেঁয়াজ। বাকি সব আগের মতোই, অর্থাৎ আপনার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, লবণ ও সরিষার তেল। রান্না করতে হলে প্রথমেই প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালোমতো ধুয়ে নিন। এবার সব বাটা ও গুঁড়া মসলা, লবণ, কাঁচামরিচ মাছের টুকরোতে মাখিয়ে এক জায়গায় রাখুন। তারপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো রান্না করুন। এরপর চাল ও ডাল একসঙ্গে ভালো করে মিশিয়ে পানি দিয়ে ধুয়ে নিন। এর আগে অবশ্যই বুটের ডাল সেদ্ধ করে রেখে দিতে হবে। এবার পাতিলে চাল ও ডাল, মসলা, লবণ, কাঁচামরিচ, তেজপাতা এবং তেল মাখিয়ে নিয়ে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। খিচুড়ি হয়ে আসলে গরম গরম খিচুড়ির সাথে রান্না করা মাছ দিয়ে সবার সামনে পরিবেশন করুন।

No comments:

Post a Comment