Wednesday, January 13, 2016

সন্ত্রাসবাদ প্রসঙ্গে বিস্ফোরক মনোহর !

সন্ত্রাসবাদ প্রসঙ্গে বিস্ফোরক মনোহর ! যে ব্যক্তি বা সংগঠনই ভারতকে আঘাত, যন্ত্রণা দেবে, তাকেও সমান আঘাত-যন্ত্রণা ফিরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন মনোহর পর্রীকর। পাঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে সোমবার এখানে সেনাবাহিনী আয়োজিত এক সেমিনারে প্রতিরক্ষামন্ত্রী অবশ্য একইসঙ্গে বলেছেন, পাল্টা কখন, কোথায় এবং কীভাবে আঘাত হবে, তা অবশ্যই ভারতের স্থির করার ব্যাপার। প্রতিরক্ষামন্ত্রীর এমন কড়া মেজাজের ভাষণের সময় শ্রোতাদের মধ্যে ছিলেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ সহ অনেকে। পর্রীকর বলেন, এটা সরকারের ভাবনা বলে ধরা উচিত নয়। কিন্তু আমি নিজে সবসময় বিশ্বাস করি, কেউ আপনার ক্ষতি করলে, তাকেও তা ফিরিয়ে দিতে হয়। কখন, কোথায়, কীভাবে দেবেন, তা ঠিক করবেন আপনি। কিন্তু কেউ দেশের ক্ষতি করলে, সেই ব্যক্তি বা সংগঠনকে কৃতকর্মের সাজা পেতে হবে। এ নিয়ে তাঁর ব্যাখ্যা চাওয়া হলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আসল কথাটা হল, ওরা যে-ই হোক না কেন, যতক্ষণ না আমরা আঘাত করছি, ওরা বুঝতে পারছে না কী যন্ত্রণা ওরা দিয়েছে, ততক্ষণ ওরা বদলায় না। এ ধরনের হামলা কমে না। তিনি বলেন, পাঠানকোট হামলায় শহিদ সাত জওয়ানের জন্য আমাদের গর্ব হয়, কিন্তু ওদের হারিয়ে আমরা ব্যথিতও। তবে আমি এই আত্মত্যাগের প্রশংসায় নারাজ। আমি বলেছি, আমাদের সমরকর্মীদের এটা বলে দেওয়ার সময় এসেছে যে, কিছু জওয়ানকে আমরা হারাবই, ঠেকানো যাবে না। কিন্তু নিজের জীবন দিয়ে দেওয়ার বদলে আপনার, দেশের শত্রুর প্রাণ নেওয়ার কথা ভাবুন। এটা গুরুত্বপূর্ণ। আত্মত্যাগের মূল্য আছে, কিন্তু শত্রুকে নিষ্ক্রিয় করে দেওয়াটা দেশের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তবে কি আগের ইউপিএ জমানার নীতি থেকে সরে আসা হচ্ছে?পর্রীকর বলেন, কেউ ডান্ডার বাড়ি মারলে চুপ করে বসে থাকবেন আপনি ! সেটাই কি নীতি ছিল?

No comments:

Post a Comment